মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭

আমি হতে চাই 
জোনাকী আক্তার
************************
আমি গ্রীষ্মের কাঠফাঁটা রোদ্দুরে ছায়া হয়ে
তোমার পাশে সারাটিখন থাকতে চাই,
আমি ক্লান্ত দেহে ফিরবে যখন তালপাতার পাখা হয়ে
তোমার পথের ক্লান্তি দূর করতে চাই ।
আমি বরষায় ফোটা প্ৰথম কদমফুল হয়ে
তোমার ভালোবাসাকে সংবর্ধনা জানাতে চাই ,
আমি রাতের বেলায় মেঘে ঢাকা তারা হয়ে
তোমার সাথে লুকোচুরি খেলতে চাই ।
আমি শরতের ঘুড়ি হয়ে
তোমার হৃদয়ের আকাশে উড়তে চাই ,
মৃদু হাওয়ায় দোলা শুভ্র কাশফুল হয়ে
তোমায় একবার ছুঁতে চাই ।
আমি হেমন্তের ভোরে ফোটা শিউলী হয়ে
তোমার হৃদয়াঙ্গন সুরভিত করতে চাই ,
হিমেল হাওয়ায় ভালোবাসার চাদর হয়ে
তোমার সর্বাঙ্গ জড়িয়ে রাখতে চাই ।
আমি কনকনে শীতের সকালে মিষ্টি রোদ হয়ে
তোমার চারপাশে উষ্ণতায় ভরিয়ে দিতে চাই,
কখনো বা ঘন কুয়াশায় শিশির হয়ে
তোমার অঙ্গন খেলার ছলে ভিজিয়ে দিতে চাই ।
আমি বসন্তের কোকিল হয়ে
তোমার মনে ভালোবাসার গান শুনাতে চাই ,
আমি সাত রঙে সজ্জিত প্রজাপতি হয়ে
তোমার মনের বাগানে ডানা মেলে উড়তে চাই ।
আমি তোমায় বারো মাসে ছয়টি ঋতু হয়ে
সারাটি বছর ভালোবাসতে চাই ।
নির্ঘুম রাত
জোনাকী আক্তার 
______________________

মধ্যরাত চারপাশের কোলাহল থেমে গেছে
দূর থেকে ভেসে ঝিঁঝিপোকার ডাক,
পথে নেই কোনো পথিকের পদচিহ্ন
যে যার আপন নীড়ে ফিরেছে ।
সবাই ঘুমের ঘোরে অচেতন
শুধু আমি একলা জেগে রই ,
রাতজাগা তারাগুলোর সাথে
জোনাকির মিটিমিটি আলো জ্বলা নেভা দেখে ।
জানি তুমিও পাড়ি দিয়েছো ঘুমের দেশে
হয়তো তুমি সুখনিদ্রায় সুখের স্বপ্নে বিমোহিত
কিন্তু স্বপ্ন দেখার ভয়ে
রাতগুলো নির্ঘুম কাটিয়ে দেয় ,
কারন আমি আর কোনো স্বপ্ন দেখতে চাইনা
যদি ঘুমের ঘোর কাটার সাথে
আবারো স্বপ্ন ভেঙ্গে যায় ।
আমি নতুন করে আর কষ্ট পেতে চাইনা ,
অনেক ঝরেছে চোখের জল
নতুন করে আর চোখের জল ঝরাতে চাইনা ।
যাচ্ছে কেটে এভাবেই কত নির্ঘুম রাত
কেউ রাখেনা তার হিসাব ,
বলেনা কেউ আর শাসনের স্বরে
ঢের হয়েছে রাত আর জেগোনা ।
সময়ের সাথে সাথে সবই বদলে যায়
যেমনটা বদলে গেছো তুমি
এমন কি আমিও বদলে গেছি ,
বদলে গেছে জীবনের দিক ,
সেই সাথে আমি ভাসি চোখের জলে
শুধু তুমিই সুখে থেকো ।
তুমিও পরাজিত
জোনাকী আক্তার
****************
বুঝিনি আগে প্রেম মানে
কষ্ট কে কাছে ডাকা 
দু:খ কে আলিঙ্গন করা ,
তোমার প্রেমে পড়েছি বলেই
আজ জীবন আমার দু:খ-কষ্টে জর্জরিত ।
ভালোবাসার মানে কি তবে
নীরবে চোখের জলে নেয়া যাওয়া ?
তোমায় ভালোবাসার জন্য
আঘাত পেতে হৃদয় ক্ষত বিক্ষত ,
যেনো আমি না জেনে না শুনে
ভিরুলের চাকে দিয়েছি হাত,
সে কারনেই হৃদয়ে বাজে ব্যথার আর্তনাদ ।
আকাশ কুসুম স্বপ্ন দেখালে তুমি
বোকার মত আমি শুধুই দেখে গেলাম ,
যেদিন বুঝলাম সে স্বপ্ন পূরণ হবার নয়
সেদিন থেকে মানতে হলো
কেউ আর কারো নয় ।
তোমার সুনিপুন অভিনয়ের কাছে
আমি বার বার হেরে গিয়েছি,
তুমি জয়ী হয়েছো
কিন্তু ভেবে দেখো ভালোবাসার বিচারে
তুমিই বাজে ভাবে পরাজিত ,
কারন আমার ভালোবাসার মাঝে
কোনো খুঁত তুমি খোঁজে পাবেনা ।
আমাদের ছোট্ট গাঁ
জোনকী আক্তার
*******************
শান্ত নিবিড় ছায়ায় ঘেরা আমাদের ছোট্ট গাঁ
শস্য - শ্যামল আর চির সবুজের মাঠ
জড়িয়ে যায় দৃষ্টি , যত যায় দেখা
এঁকে বেঁকে বয়ে যাওয়া মৃগী নদীর ঘাট ।
পিচঢালা মেঠো পথ , দুই ধারে গাছের সারি
গাঁ থেকে চলে গেছে শহরের মুখ পানে
থাকি যতই দূরে ইচ্ছা করে বার বার ফিরি
আমাদের ছোট্ট গাঁয়ে নাড়ীর টানে।
গাঁয়ের সহজ-সরল মানুষগুলোর জীবন
মানস পটে ভেসে ওঠা সদা হাস্য মুখ,
হৃদয়ের মাঝে গড়ে ওঠে দূর্ভেদ্য এক আত্মিক বন্ধন
রাখলে চরণ নিজ গাঁয়ে খোঁজে পাই পরম সুখ ।
চলে যাই গাঁ ছেড়ে জীবনের তাগিদে জীবিকার খোঁজে
কর্ম ব্যস্ত নগরীতে মিশে যাই,
অবসরে মন শিল্পীর মত রং তুলি দিয়ে আঁকে অন্তরাজ্যে
গাঁয়ে ফেলে আসা দিন যেনো ফিরে পাই ।
ভালো থাকুক গাঁয়ের পথ-ঘাট
শৈশবে ফেলে আসা দিন,
দুরন্তপনায় মেতে থাকা খেলার মাঠ
গাঁয়ের মানুষগুলোর মুখ থাকুক অমলিন ।

বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০১৭

একটি গল্প লিখবো
জোনাকী আক্তার
_______________________
অনেকদিন ধরে ভাবতেছি
একটা ছোট একটি গল্প লিখবো ,
কিন্তু আজ কাল করে করে
গল্পটা আর লিখা হয়ে ওঠেনা ।
কি নিয়ে লিখবো ভাবতে ভাবতেই
রাত পেরিয়ে যায় , দিন ফুরিয়ে যায়
গল্পকারদের গল্প হয় ভালোবাসার ,
বিরহের কিংবা সফলতার ।
কিন্তু আমি লিখবো স্বার্থপরতার
ভালোবাসা, বিরহ কিংবা সফলতার
কোনো গল্প আমার জানা নেই ।
স্বারপর মানুষদের দেখে দেখে
নিজের ভেতরে অজান্তে জন্মে ক্ষোভ আর অসহায়ত্ব ,
আমি লিখবো স্বীয় স্বার্থ হাসিলের জন্য
মানুষগুলোর কর্মকাণ্ডের গল্প ।
স্বল্প সময়ে পরিচয়েই হচ্ছে জনম দোসর
নিজের কার্য হাসিল হলেই
কেউ আর কাউকে চিনেনা, জনমের দোসর তখন হয় পর ।
স্বার্থের জন্যই বাসছে ভালো
কেউবা নির্দোষীকে করছে ঘৃণা ,
কেউবা স্বার্থের মোহে অন্ধ হয়ে
হাসতে হাসতে বসায় ছুরি
নিরহ মানুষের বুকে ।
আমি লিখবো সেই সব স্বার্থপরতার গল্প
অন্যের স্বার্থের কাছে হেরে গিয়ে
নির্যাতিত মানুষের ক্রন্দনের গল্প ,
প্রিয়জন হারানো মানুষের বুকে
জ্বলতে থাকা প্রতিহিংসার গল্প |

বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৭



খেয়াঘাট
জোনাকী আক্তার


সময় আর স্রোত প্রবাহমান
একবার চলে যায় তো আর ফিরে আসেনা,
জীবন থেকে হারিয়ে যাওয়া মানুষগুলোও আর হয়তো আর ফিরেনা 
বার বার ফিরে আসে 
ধুলায় জমাট পড়া কিছু মুহূর্ত 
যা পুরোনো দিনকে ক্ষণিকের জন্য ফিরিয়ে দেয় ।
শানবাঁধানো খেয়াঘাট সেই আগের মতই আছে 
স্রোতের সাথে কিছু কচুরিপানা ভেসে যায় ,
তুমি আমি উত্‍সুক দৃষ্টিতে
ঢেউ খেলানো ভেসে যাওয়া 
দেখতাম যতক্ষণ দেখা যেতো ।
এক অজানা কারনে মন খারাপ করে 
সেদিন বলেছিলাম 
হয়তো বা তোমাকে হারানোর ভয় 
দেখো কচুরিপানা গুলো অনেক দূরে ছিলো ,
তারপর ঘাটের খুব কাছে এসে ভিড়লো
এরপর দেখো আস্তে আস্তে চোখের পলকে
অদৃশ্য হয়ে গেলো ।
কৌতূহলী নয়নে তোমার পানে চেয়ে বলেছিলাম,
তুমিও এভাবে দৃষ্টির বাইরে যাবেনা তো ?
সেদিন তুমি প্রচন্ড হেসেছিলে ,
বলেছিলে তো যে হাত ধরেছো 
সে হাত ছেড়ে দিয়ে দূরে কি করে যাবে ? 
সেদিন হয়তো ঈশ্বরও হেসেছিলো 
আমাদের অজান্তে তোমার কথা শুনে ।
একদিন তুমিও সেই কুচুরিপানা গুলোর মতই চলে গেলো 
আস্তে আস্তে দৃষ্টির সীমানার বাইরে
একা রয়ে গেলাম আমি শানবাঁধানো ঘাটে ।
এখনো সাঁঝের বেলা কাটে 
সেই শানবাঁধানো খেয়াঘাটে ,
কুচুরিপানাগুলোর দূর থেকে কাছে ,
তারপর অনেক দূরে চলে যাওয়ার
এক নির্মম খেলা দেখে ,
এইভাবেই অচেনা মানুষ গুলোও 
আপন হয়ে আবার মিশে যায় অচেনার ভিড়ে ।

রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭

অভাগিনী
জোনাকী আক্তার
**************************************

আমি নিজের পায়ে নিজেই মেরেছি কুড়াল
তারই যাতনায় করি দিবা রাত্রি পার,
শুধায় স্বজন দিতে বিসর্জন পিছুটানের ছল,
হাসি মুখে তাই করে রাখি আড়াল
অবাধে ঝরা অভাগিনীর অশ্রুজল।

নিজের দোষেই আজ দু:খের সাগরে ভাসি,
কাকেই বা দিবো আমার এ কষ্টের ভার ?
জলন্ত অগ্নি দেখেও দিয়েছিলাম ঝাঁপ
তারও ভুলে আজ জ্বলে পুড়ে অঙ্গার ।
আমার এ দহন যেনো আমরণ,
নিরন্তন জ্বলছে চিতার সম ।

শুধায় স্বজন দিতে বিসর্জন
ক্ষণিকের অবাঞ্চিত প্রণয়ের মোহ,
অবাধ্য মন মানেনা কারো বারণ
পুরনো অতীতেই বারংবার করে বিচরণ ।
সবার থেকে তাই দূরত্ব বাড়াই
আমি যে এক করেছি ভুল
কাকেই বলবো দিতে আমার এ ভুলের মাশুল ??

চলছি তাই একলা পথে
যে পথে নেই সুখের দিশা ।
জীবনের শেষ প্রান্তের যেদিন পাবো দেখা
সেদিনই কাটবে যে আমার এ ঘোর অমানিশা।
।

Show more reac

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...